নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনকে স্বাগত জানিয়েছেন ড. কামাল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার থেকে সশস্ত্র বাহিনী মোতায়েনকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক  ড. কামাল হোসেন। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. কামাল বলেন, ‘আমরা আশা করি, সশস্ত্র বাহিনী মোতায়েনের ফলে নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টি হবে যা আগে ছিল না।’ জাতীয় ঐক্যফ্রন্টের প্যাডে ড. কামাল স্বাক্ষরিত এই বিবৃতিতে তিনি নিজেকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক হিসেবে উল্লেখ করেছেন। বিবৃতিতে তিনটি পয়েন্ট উল্লেখ করা হয়।

বিবৃতিতে ড. কামাল বলেন, ‘আমরা আশা করি, সশস্ত্র বাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে না বা কোনও নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না। সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের সেবায় নিয়োজিত। গুটিকয়েক ব্যক্তি বিশেষের জন্য সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হতে পারে না।’ বিবৃতিতে তিনি আরো বলেন, ‘সশস্ত্র বাহিনীর উচিত নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং এজন্য ইতিবাচক ভূমিকা রাখা।’