প্রতিটি মানুষের আলাদা আলাদা রুচি, চিন্তাচেতনা, আচার-ব্যবহার। কিন্তু বই সকলের অনুভূতি এক করে দেয়। চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। আর ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে বসেছে অমর একুশে বইমেলা। এই মাসের ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে)। পশ্চিমা দেশগুলোয় দিবসটি শুধু প্রেমিক-প্রেমিকার মাঝে সীমাবদ্ধ থাকলেও বাংলাদেশে সর্বজনীন একটি উত্সব হিসেবেই পরিচিতি পেয়েছে। আর এই দিবসে ভালোবাসার মানুষকে ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ করতে উপহার হিসেবে বইয়ের কোনো বিকল্প নেই। একজন শিক্ষিত মানুষের সর্বোত্তম বন্ধু হচ্ছে ভালো বই। বই মনের কথা বলে, জীবনের কথা বলে আর ঘুমন্ত চেতনাকে জাগিয়ে দেয়। তাই আপনি আপনার প্রিয় মানুষটিকে আজকের এই দিনে প্রিয় লেখকের বই উপহার দিতে পারেন।
ইমাম হোসেন
মীরসরাই, চট্টগ্রাম
