নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু আমরা আর ফাঁকা মাঠে গোল দিতে দেব না। এবার জনগণ মাঠে আছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা আখানগর ইউনিয়নে এক পথসভায় এসব কথা বলেন তিনি। উপস্থিত জনতার উদ্দেশে এ সময় বিএনপি মহাসচিব হাত নেড়ে বলেন—আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের অধিকার ভোট দেওয়া।
ধানের শীষ মার্কায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি অনুরোধ করবো আপনারা পরিবর্তন আনেন। ধানের শীষ অতীতে জনগণের জন্য কাজ করেছে ভবিষ্যতেও করবে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট জয়ী হয়ে সরকার গঠন করলে কৃষকরা তাদের উত্পাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, যারা বেকার রয়েছেন তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দেয়া হবে। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নানারকম সমস্যার জন্য আলাদা একটি মন্ত্রণালয় করা হবে। ভোটারদের উদ্দেশে তিনি আরো বলেন, এই সরকারের পরিবর্তন একমাত্র আপনারাই করতে পারেন। আমরা শান্তি চাই, ভোটের মাধ্যমে পরিবর্তন চাই। কিন্তু আওয়ামী লীগ জনগণকে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে মামলা করে আবারো ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের জানা উচিত মামলা, হামলা, ভয় দেখিয়ে ক্ষমতাই বেশি দিন টিকে থাকা যায় না।
‘সশস্ত্র বাহিনী মোতায়েনে
সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে’
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী মোতায়েনের ফলে নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে, যা এতোদিন মোটেও বিদ্যমান ছিল না।’
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল বলেন, ‘বিএনপি আশা করে দেশের গর্বিত সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্য জনগণের স্বার্থে কার্যকর ভূমিকা পালন করবেন। কোনোভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না।’
