বিসিবি পরিচালক মাহবুবুলকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২২

টেন্ডার, নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. মনজুর আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন। গত ২৮ নভেম্বর মাহবুবুল আনাম ও পরিবারের লোকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জানিয়ে কমিশন থেকে চিঠি পাঠানো হয়।

দুদক সূত্র জানায়, তার বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে কোটি কোটি টাকা আয়, নিয়োগ বাণিজ্য, স্পন্সর নির্বাচনে অবৈধ প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা আয়, অর্থ পাচার ও জ্ঞাত আয় সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের তদন্তে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।