জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের সুযোগ নেই :ইসি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:৩০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকছে না। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে জামায়াতের ২৫ নেতার প্রার্থিতার বাতিলের আবেদনের বিষয়ে গতকাল রবিবার ইসি এই সিদ্ধান্ত নেয়। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। আজ সোমবার ইসির এই সিদ্ধান্ত আদালতকে জানানো হবে। সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

ইসিতে নিবন্ধিত বাতিল হওয়ায় এবার দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারছে না জামায়াতে ইসলামী। তবে দলটির ২২ জন নেতা জোটের প্রধান শরিক বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। আর তিনজন নির্বাচনে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

গাইবান্ধায় পুন:তফসিল, ভোট ২৭ জানুয়ারি

প্রার্থীর মৃত্যূর কারণে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনের পুন;তফসিল চূড়ান্ত করা হয়েছে কমিশন সভায়। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় রাখা হয়েছে ২ জানুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে ২৭ জানুয়ারি। এছাড়া ইসি সচিব প্রেস ব্রিফিং জানান, এ পর্যন্ত ২২৩টি আসনের ব্যালট পেপার মুদ্রণের কাজ শেষ হয়েছে। আদালতের নির্দেশনার কারণে কিছু আসনে প্রার্থী পরিবর্তনের কারণে নতুন করে সমন্বয় করতে হচ্ছে। শীগ্রই বাকী আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা বরাবরে এসব ব্যালট মুদ্রণ করে পাঠিয়ে দেয়া হবে।