‘দেশীয় পণ্য কিনে হোন ধন্য’ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে সপ্তাহব্যাপী দিনাজপুর গোর-এ শহিদ বড়ো ময়দানে ‘এসএমই পণ্যমেলা-২০২০’ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন, এসএমই ফাউন্ডেশন, দিনাজপুর চেম্বার অব কমার্স ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিব এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ আয়োজিত এ মেলার দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক মাহমুদুল আলমের নেতৃত্বে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট রোড প্রদক্ষিণ করে মেলায় শেষ হয়।
