লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মায়ের ভাষায় মাকে লিখি’ চিঠি লেখা প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল। পরে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণির ছাত্রীরা চিঠি লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারা বাংলা ভাষায় নিজের মতো করে মায়ের কাছে চিঠি লিখে। এতে মায়ের কাছে ছাত্রীদের চাওয়া-পাওয়া ও অভিযোগের বিষয়টি ফুটে ওঠে।
শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা চর্চা বৃদ্ধি করতে মেঘ ফাউন্ডেশনের উদ্যোগে ভাষার প্রদীপ নামে একটি সামাজিক সংগঠন পঞ্চম বারের মতো এ কর্মসূচির আয়োজন করে। ফেব্রুয়ারি মাস জুড়ে লক্ষ্মীপুরসহ ঢাকা, কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
