করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশ এক চরম ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হলো গত বুধবার। সেখানে এক দিনেই মারা গেছে ২৪২ জন। কেবল রেকর্ড মৃত্যুই নয়, রোগ নির্ণয় পদ্ধতিতে পরিবর্তন আনার পর বুধবার হুবেই প্রদেশে ১৪ হাজার ৮৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
গত ডিসেম্বরের শেষ দিন প্রথমবারের মতো নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে এত মৃত্যু এবং এত নতুন সংক্রমণের তথ্য আর আসেনি। সব মিলিয়ে বুধবার চীনে মোট ২৫৪ জনের মৃত্যু হয়েছে। তাতে নতুন এ করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৯ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে প্রথম এক নারীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে জাপানি পত্রিকা মেইনিচি শিমবুন পত্রিকা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। অপরদিকে সিঙ্গাপুরে আরো দুই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ৪ জন। আক্রান্ত নতুন দুই বাংলাদেশির বয়স ৫২ ও ৩৭ বছর। আক্রান্ত ব্যক্তিদের কেউ সাম্প্রতিক সময়ে ভাইরাসটির উত্পত্তিস্থল চীন ভ্রমণ করেনি বলেও নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, আক্রান্ত চারজনের মধ্যে প্রথমজনের অবস্থা আশঙ্কাজনক। সিংগাপুর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত করোনা ভাইরাস সন্দেহে ৬১ জনের রক্ত ও কফ পরীক্ষা করা হয়েছে। সবারই ফল এসেছে নেগেটিভ।
গত কয়েক দিন হুবেই প্রদেশে নতুন রোগীর সংখ্যা কমতে থাকায় আশাবাদী হয়ে উঠতে শুরু করেছিলেন চীনা চিকিত্সকরা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হয়ে আসছে- এমন কথা বলার সময় এখনও আসেনি। এখনও পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে।
এদিকে, সাতক্ষীরার শ্যামনগরে ছেলে রতন রপ্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে- এমন গুজব শুনে হূদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধা মা রেনুকা রপ্তান (৬৫) মারা গেছেন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে বিমান রপ্তানের স্ত্রী। রতন রপ্তান গত সোমবার ভারত থেকে বাংলাদেশে ফেরেন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছালে সবার মতো তারও স্ক্রিনিং করা হয়। পরে ইমিগ্রেশনের চেকআপ ইউনিটের কর্মকর্তারা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানকার চিকিত্সকরা তার রক্ত পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পায়নি।
উহানফেরত ৩১২ জন বাড়ি ফিরবেন শনিবার
উহান থেকে দেশে ফিরিয়ে আনা ৩১২ বাংলাদেশি দুই সপ্তাহের পর্যবেক্ষণ শেষে আগামীকাল শনিবার বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক। গতকাল ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, চীন থেকে ফেরা এই বাংলাদেশিরা ‘কোয়ারেন্টাইনের শেষ পর্যায়ে’ আছেন। আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি তাদের পর্যবেক্ষণের ১৪ দিন পূর্ণ হবে। সব পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ তারিখ আমরা তাদের ছেড়ে দেব। এখানে আর কোনো সমস্যা নেই। তাদের সবাই ভালো আছেন।
পহেলা ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে তারা দেশে ফেরেন। আট জনের শরীরে জ্বর থাকায় তাদের ঢাকার দুটি হাসপাতালে রেখে বাকিদের আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়। তাদের মধ্যে ৩০১ জন এখন আশকোনা হজক্যাম্পে আছেন, বাকি ১১ জন আছেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে।
কারো মধ্যেই করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়নি বলে জানিয়ে আসছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর। করোনা ভাইরাস নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানিয়ে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষা নিরীক্ষায় প্রমাণ হওয়ার আগে এ ধরনের কথা ছড়ানো ঠিক নয়। গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
৫ বন্দর ঘুরে অবশেষে ঠাঁই পেল প্রমোদতরী
যাত্রীদের সঙ্গে করোনা ভাইরাসও চলে আসতে পারে, এমন আশঙ্কায় কোনো বন্দর কর্তৃপক্ষ নোঙর করার অনুমতি না দেওয়ায় সাগরে ঘুরতে থাকা একটি প্রমোদতরী অবশেষে কম্বোডিয়ায় নোঙরের অনুমতি পেয়েছে। করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কায় এশিয়ার পাঁচটি বন্দর এমএস ওয়েস্টারডাম প্রমোদতরীকে নোঙরের অনুমতি দেয়নি বলে জানিয়েছে বিবিসি। জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা আরেকটি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে ২০০ জনেরও বেশি লোক সংক্রমিত হয়েছে; কিন্তু ২ হাজারেরও বেশি আরোহী থাকা ওয়েস্টারডামে এক জনও করোনা ভাইরাসে সংক্রমিত হয়নি।
হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি
হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে সাংহাইয়ের মেয়র ইং ইয়ংকে নিয়োগ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে। এর আগে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও এই কমিশনে নিয়োজিত কমিউনিস্ট পার্টির সম্পাদককে অপসারণ করা হয়েছিল। এদিকে সিঙ্গাপুরের নাগরিকদের হুবেই প্রবেশে না যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৫৮ জন।
উত্তর কোরিয়ায় সন্দেহভাজন করোনা আক্রান্তকে গুলি করে হত্যা
কোয়ারেন্টাইন পয়েন্ট থেকে বেরিয়ে গণ-শৌচাগারে যাওয়ায় উত্তর কোরিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলছে, গণ-শৌচাগার ব্যবহার করায় করোনা বিস্তারের ঝুঁকি বিবেচনা করে তার এই সর্বোচ্চ শাস্তি কার্যকর করেছে উত্তরের প্রশাসন। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় পূর্ব-সতর্কতা হিসেবে উত্তর কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। এদিকে চীন ভ্রমণ শেষে কর্তৃপক্ষের নজর এড়িয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করায় এক ব্যক্তিকে নির্বাসনে পাঠিয়েছে পিয়ংইয়ং। গত বুধবার পিয়ংইয়ংয়ের এক ঘোষণায় করোনা মোকাবিলায় কোয়ারেন্টাইনের সময় বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে বলে জানানো হয়।
