অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাজস্ব আদায় কমেনি। গত বছরের তুলনায় এখন পর্যন্ত ১২ হাজার কোটি টাকার বেশি প্রবৃদ্ধি হয়েছে।
বৃহস্পতিবার তিনি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা লক্ষ্যমাত্রা বেশি করে ধরি, তাই লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন কিছুটা কম। তিনি বলেন, আমাদের প্রকাশনাগুলো দেখবেন, সারাবিশ্বের অবস্থা দেখবেন, তারপর বলবেন আমরা কেমন আছি। ব্যাংক কোম্পানি আইনের খসড়া প্রসঙ্গে তিনি বলেন, সরকারি ব্যাংকে এমডি, পরিচালক নিয়োগ যেভাবে অনুমোদন করা হয়, বেসরকারি ব্যাংকেও যদি সেটি বাস্তবায়ন করা যায় তাহলে ভালো হবে। আস্তে আস্তে আমাদের ভালো কাজের দিকে যেতে হবে। তবে ব্যাংকিং কোম্পানি আইনের খসড়াটি আমি এখনো পাইনি। আমার কাছে খসড়া এলে বিস্তারিত বলতে পারব।
সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন :
এদিকে, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গতকাল সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে বলেও জানান অর্থমন্ত্রী। এতে মোট ব্যয় হবে ৮০৬ কোটি টাকা। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার জেএসসি ফরেন ইকনোমিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১ লাখ ৮০ হাজার টন মিউরেট অব পটাশ সার আমদানি। এতে ব্যয় হবে ৩৯০ কোটি ৭৬ লাখ টাকা।
এছাড়া গোপালগঞ্জে এসেনসিয়াল ড্রাগসের তৃতীয় প্রকল্প সিভিল কনস্ট্রাকশন ও প্লামবিং ওয়ার্কের আওতায় ননটেন্ডার আইটেমের ভেরিয়েশন কাজ, এলজিইডি কর্তৃক গৃহিত জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকরণ প্রকল্পের আওতায় স্থানীয় অবকাঠামো কেন্দ্রের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন, ঢাকা ওয়াসার একটি প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবে সায় দেওয়া হয়।
