ভারত-বাংলাদেশ দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ আগামী বছরের মধ্যেই শেষ হবে বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ পরিদর্শনে এসে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের বাণিজ্যিক যোগাযোগ এ পথের মাধ্যমেই হবে। তাছাড়া কলকাতার সঙ্গে যোগাযোগও এখান থেকেই হতে পারে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব আনিতা বারিক, প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ। উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেলপথের দূরত্ব হবে ১৫ কিলোমিটার। ২০১৭ সালের অক্টোবরে প্রথম এ রেলপথের নির্মাণকাজ শুরু হয়। ত্রিপুরার অংশে এ রেলপথ তৈরি করছে ভারতীয় রেল মন্ত্রণালয়ের অধীন নির্মাণ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (ইরকন)। অন্যদিকে বাংলাদেশ অংশে রেলপথ নির্মাণ করছে বাংলাদেশি স্থানীয় সংস্থা। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি রুপি।
