সৌদি আরব থেকে বাংলাদেশি কর্মীদের ফেরত পাঠানো অব্যাহত রয়েছে। গত বুধবার রাতেও দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে ২০ নারীসহ ১৮৩ বাংলাদেশি কর্মীকে। বুধবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স (এসভি-৮০৪) বিমানে ৮৯ জন আর রাত ১টা ১০ মিনিটে সৌদি এয়ারলাইন্স (এসভি-৮০৮) বিমানে ফেরেন ৯৪ বাংলাদেশি। প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বরাবরের মতো এদিনও দেশে ফেরা কর্মীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে জরুরি সহায়তা প্রদান করা হয়।
বুধবার রাতে দেশে ফেরা সাথী বেগম (৩০) এতটাই অসুস্থ ছিলেন যে, বিমানবন্দর থেকে প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় উত্তরার একটি হাসপাতালে চিকিত্সার জন্য তাকে ভর্তি করা হয়। সাথী জানান, বছরখানেক আগে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হন তিনি। সাথীর সঙ্গে একই সমস্যা নিয়ে দেশে ফিরেছেন ঢাকার হিরা খাতুন, ব্রাহ্মণবাড়িয়ার আবেদা খাতুন, সুনামগঞ্জের আমিরুন বেগম, মৌলভীবাজারের ফারজানা আক্তারও।
অন্যদিকে ফেরত আসা পাবনার শরিফ জানান, মাত্র এক বছর আগে গিয়েছিলেন সৌদি আরব। সেখানে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও শূন্য হাতে তাকে দেশে ফিরতে হয়েছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছরের জানুয়ারিতেই সৌদি থেকে দেশে ফিরেছেন ১৭৫ নারীসহ ৩ হাজার ৬৩৫ বাংলাদেশি। এভাবে কাউকে যেন শূন্য হাতে ফিরতে না হয় সেজন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে দায়িত্ব নিতে হবে। দূতাবাস ও সরকারকেও খতিয়ে দেখতে হবে।
