মুশফিককে নিয়েই হচ্ছে টেস্ট দল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৫

দুয়ারে আরেকটি হোম সিরিজ। আগামীকালই ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে তিন ফরম্যাটেই খেলবে সফরকারীরা। টেস্ট ও ওয়ানডে নিয়েই এখন ভাবছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। দল গঠন নিয়ে গতকাল মিটিংও হয়েছে। বিসিবি সভাপতির অফিস বেক্সিমকো কার্যালয়ে দুপুরের পর হাজির হন জাতীয় দলের নির্বাচকরা ও হেড কোচ রাসেল ডমিঙ্গো। প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছে সেই মিটিং।

আগামী সপ্তাহের শুরুতেই ঘোষণা করা হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশের দল। আর জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি মিরপুরে টেস্ট খেলতে নামবেন মুমিনুল হকরা।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল জানিয়েছেন, আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) ঘোষণা হতে পারে টেস্ট দল। একই দিনে ওয়ানডে দলটাও ঘোষণার সম্ভাবনা রয়েছে।

হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি থেকে দলগত অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। তার আগে ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন।

টেস্টে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। টানা তিন টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুল বাহিনী। জিম্বাবুয়ের সঙ্গে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ঘরের মাঠে হারের বৃত্ত ভাঙার আশায় আছে বাংলাদেশ।

গতকাল জানা গেছে, পাকিস্তানে না গেলেও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ফিরছেন মিডল অর্ডারের ভরসা মুশফিকুর রহিম। অবশ্য তাকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। বিসিবি টেস্ট দল ভাঙতে চায় না বলে কথা উঠেছিল কিছুদিন আগে। কিন্তু শেষ পর্যন্ত মুশফিককে নিয়েই হচ্ছে টেস্ট দল। এ টেস্টে পিঠের ব্যথায় আক্রান্ত পেস বোলার আল-আমিন হোসেনকে পাবে না বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টের একাদশে ছিলেন না তিনি।

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সৌম্য সরকার। পাকিস্তানে গেলেও একাদশে সুযোগ হয়নি তার। জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি বিবেচনায় থাকছেন না। বিয়ের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছেন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে গুঞ্জন উঠেছে, জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাদা পোশাকে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের পারফরম্যান্স আশানুরূপ নয়। পাকিস্তানেও ভালো করেননি তিনি। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ২৫ ও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি তিনি। এমনকি তার মাধ্যমেই হ্যাটট্রিক করেছেন নাসিম শাহ। হ্যাটট্রিক ঠেকাতে পারেননি মাহমুদউল্লাহ।

কোচ রাসেল ডমিঙ্গোও নাকি এ ব্যাটসম্যানকে বার্তা দিয়েছেন টেস্টে নিজের ব্যাটিং, খেলা নিয়ে ভাবতে। যদিও জানতে চাইলে গতকাল এ বিষয়ে কথা বলতে রাজি হননি এই প্রোটিয়া কোচ। তিনি বলেছেন, খেলোয়াড়কে বলা ব্যক্তিগত পর্যায়ের কথা মিডিয়ায় বলব না।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, এ যাত্রা টেস্ট দলে টিকে যেতে পারেন মাহমুদউল্লাহ। নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন তিনি। ৩৪ বছর বয়সি এ ব্যাটসম্যান ৪৯ টেস্ট খেলেছেন দেশের হয়ে। বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার ‘হাফ সেঞ্চুরি’ পূর্ণ করার দুয়ারে আছেন মাহমুদউল্লাহ।