ঢাকায় চট্টগ্রাম আবাহনীর জয় সিলেটে ব্রাদার্সের ড্র

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৬

প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে কাল তিনটি ম্যাচের সব কয়টিতে গোল করেন বিদেশিরা। নীলফামারীতে  কলিন্দ্রেস এবং ঢাকা আর সিলেটেও গোল করেন বিদেশি ফুটবলাররা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের প্রথম দিনে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। চট্টগ্রাম আবাহনী ভালো খেলেই ম্যাচ জিতেছে। শেখ জামাল সুযোগ পেলেও নিজেরাই গোল করতে না পারার জন্য দায়ী। মন খারাপ করে ঘরে ফিরেছেন শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক।

চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক দারুণ খুশি। তবে তার কথা হচ্ছে প্রথমার্ধেই গোল পাওয়া উচিত ছিল। তারপরও শেষ কথা হচ্ছে দ্বিতীয়ার্ধে গোল হলেও ম্যাচটা জিতেছেন তারা। কারণ লিগের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারলে সেটি বাড়তি প্রেরণা। হতাশ হয়েছেন শেখ জামালের কোচ মানিক। তবে এই ধাক্কা তার খেলোয়াড়দের কাছে একটা বড়ো ধাক্কা। দুই বারের লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। আর চট্টগ্রাম আবাহনী এখনো ঢাকার ফুটবলে শিরোপার মুখ দেখেনি।

চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট এনে দিয়েছেন নাইজেরিয়ান চিনোডু ম্যাথিউ, ৫৫ মিনিটে। ৬৪ মিনিটে সেটি ডাবল করেন আইভরিকোস্টের ফরোয়ার্ড চার্লস দিদিয়ের ২-০।

সিলেটের মাঠে ব্রাদার্স রুখে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এই ম্যাচেও বিদেশিরাই গোল করেছেন। ব্রাদার্স ১-১ গোলে শেখ রাসেলের বিপক্ষে ড্র করে। ৪ মিনিটে শেখ রাসেলের রাফায়েল গোল করেন ১-০। ৬০ মিনিটে ব্রাদার্সের ওতাবেক গোল শোধ করে মূল্যবান পয়েন্ট কেড়ে নেন ১-১।