নেইমারকে নিয়ে ঝুঁকি নেবে না পিএসজি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৭

পাঁজরের চোটের কারণে মাঠের বাইরে আছেন নেইমার। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তারকার সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফেরারও। তবে ব্রাজিলীয় তারকাকে নিয়ে কোনো প্রকার তাড়াহুড়ো করবে না পিএসজি, জানালেন দলটির কোচ থমাস টুখেল।

পিএসজি ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে দিজঁকে ৬-১ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার শেষ চারে উঠলেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ বেশির ভাগ প্রশ্ন পেলেন চ্যাম্পিয়ন্স লিগ আর নেইমারকে নিয়েই। তিনি জানালেন, ১৮ ফেব্রুয়ারি বরুসিয়ার বিপক্ষে ম্যাচেই নেইমারকে খেলানোর ঝুঁকি নেবে না তার দল।

টুখেলের ভাষ্য, ‘সে সেই ম্যাচে খেলবে তার শতভাগ নিশ্চয়তা দিতে পারব না আমি। এ ব্যাপারে আমি জানিনা। শুক্রবার আমরা আলোচনা করব এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। যতো বেশি সম্ভব সময় নেওয়ার চেষ্টা করব আমরা।’

তিনি আরো যোগ করেন, ‘সম্ভবত পরের শনিবার অঁমিয়ের বিপক্ষে খেলবে সে। আমরা তার স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে পারব না। খেলাটার জন্যে তার ঝুঁকিটা অনেক বেশি হয়ে যায়, যদিও এটা প্রতিদিনই কমবে।’

তবে চোট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে না পারা এবারই প্রথম নয় তার। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডান পায়ের পঞ্চম মেটাটার্সাল হাড়ে চিড় নিয়ে খেলতে পারেননি তিনি। পরের মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে একই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন পিএসজি ফরোয়ার্ড।