বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে মোটসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন তালগাছি এম এ মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র উপজেলার গাড়াদহ ইউনিয়নের পুরানটেপরি গ্রামের রেজাউল করিম সাহেব আলীর ছেলে আরিফ (১৪) ও জহুরুল হকের ছেলে সুমন (১৪)। গতকাল ঢাকা-পাবনা মহাসড়কের দুর্গাদহ কালী মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের উপজেলার চাঁদুপুর সিংগা গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ঐ গ্রামের আবেদুর ইসলামের ছেলে তামিম মিয়া (৪) নিহত হয়। বুধবার রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কোমরপুরে বাসচাপায় সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গায় খোরশেদ আলম (৩১) নিহত হন।
সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নয়াবাজারে গতকাল কাভার্ডভ্যানের ধাক্কায় আলাল হোসেন নামে একজন নিহত ও শিশু-মহিলাসহ ১১ যাত্রী আহত হয়েছেন।
সারিয়াকান্দি (বগুড়া) : সারিয়াকান্দি-চন্দবাইশা সড়কে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় মামুন মন্ডল (২৮) নামে একজন নিহত হয়েছেন। মামুন উপজেলার পারদেবডাঙ্গা গ্রামের।
খুলনা : খুলনায় লবণচরার দারোগার লিজ নামক স্থানে গতকাল বালির ট্রাকের চাপায় এনামুল কবির (৫০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এনামুল নগরীর মোক্তার হোসেন সড়কের বাসিন্দা।
টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে দমদমিয়া জাহাজঘাটগামী বাস চাপায় গতকাল তাসনুর সোলতানা মৌসুমী (৬) নামে এক ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার দক্ষিণ হ্নীলা জাদিমোরা নয়াপাড়ার নুরুল বশরের মেয়ে ও নয়াপাড়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
নীলফামারী : জেলা সদরের চাঁদেরহাট নামক স্থানে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গতকাল মো. মাসুম নামে (২৪) এক যুবকের মৃত্যু হয়েছে। মাসুম অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
হাটহাজারী (চট্টগ্রাম) : ফটিকছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের ‘নববাক’ নামক বিআরটিসির একটি বাস উলটে খাদে পড়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল হাটহাজারীর মনিয়া পুকুরপাড়ের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দনাইশ (চট্টগ্রাম) : কক্সবাজার মহাসড়কের দোহাজারীস্থ সাঙ্গু ভ্যালি কোল্ড স্টোরের সামনে বুধবার দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আট যাত্রী আহত হয়েছেন।
মাদারীপুর : মাদারীপুর-ফরিদপুর ও মাদারীপুর-বরিশাল মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় গতকাল অন্তত ১২ জন আহত হয়েছেন।
