কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মংকিউ তঞ্চ্যঙ্গা (২৫) নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ইয়াবা, একটি দেশি বন্দুক ও তিনটি গুলি। বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের কাঁকড়া ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
নিহত মংকিউ তঞ্চ্যঙ্গা বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার চাচিংহ্লা তঞ্চ্যঙ্গার ছেলে। মিয়ানমারের দিক থেকে ৫-৬ জন সন্দেহভাজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়। এ সময় সন্দেহভাজন লোকেরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পালটা গুলি ছুড়ে। ইয়াবা পাচারকারিরা গুলি ছুড়তে ছুড়তে রাতের অন্ধকারে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
