রোনাল্ডো বার্সেলোনার জার্সি গায়ে কাটিয়েছেন মোটে একটি মৌসুম। তবে সেই এক মৌসুমেই তার অর্জনের খাতায় উঠেছিল অনেক ব্যক্তিগত অর্জন। তবে এর পরও এক মৌসুমেই শেষ হয় তার বার্সা অধ্যায়। সমপ্রতি তিনি জানালেন, বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার।
১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনার হয়ে খেলে লিগ জিততে না পারলেও কোপা দেল রে ও ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জেতেন রোনাল্ডো। তবে লিগের ৩৭ ম্যাচে করা তার ৩৪ গোল পিচিচি ও ইউরোপিয়ান গোল্ডেন সু জেতায় তাকে। বছর শেষে ফিফা বর্ষসেরার পুরস্কারও ওঠে তার হাতেই। এমন সব অর্জনের পরেও ইন্টার মিলানের ১৭ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে সাড়া দিয়ে পরের মৌসুমেই তাকে ছেড়ে দেয় বার্সা।
আর এই দলবদলে নিজেরও সায় খুব একটা ছিল না, জানান রোনাল্ডো। সমপ্রতি এক সাক্ষাত্কারে ব্রাজিলীয় তারকা বলেন, ‘মৌসুম শেষে আমি চুক্তি নবায়ন করে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছিলাম। পাঁচ দিন পর তারা আমাকে জানিয়েছিল যে ওই চুক্তি নবায়ন দিয়ে আমি ক্লাবে খেলা চালিয়ে যেতে পারব না।’
তিনি আরো যোগ করেন, ‘এটা কখনোই আমার হাতে ছিল না। আমি থাকতে চেয়েছিলাম। প্রত্যাশা অনুযায়ী ক্লাব যদি আমাকে মূল্যায়ন না করে, তাহলে সিদ্ধান্তটা আর আমার হাতে থাকে না। বার্সেলোনায় থাকতে পারলে আমি খুশি হতাম। কিন্তু ব্যাপারটা আমার হাতে ছিল না।’
ইন্টারে পাড়ি জমানোর পাঁচ মৌসুম পর ২০০২ সালে রোনাল্ডো যোগ দেন রিয়ালে। স্পেনের সফলতম ক্লাবে খেলাটা স্বপ্নের মতো ছিল বলে জানান ৪৩ বছর বয়সী এই ব্রাজিলীয় কিংবদন্তি। তিনি বলেন, ‘আমি মাদ্রিদে যোগ দিয়েছিলাম, কারণ আমি সেখানে খেলতে চেয়েছিলাম। আমার স্বপ্ন ছিল একদিন মাদ্রিদের হয়ে খেলা।’ মার্কা/বিডিনিউজ
