তামিম-মুমিনুলরা নেই

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮

বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরের টেস্টের প্রস্তুতি হিসেবে তড়িঘড়ি মাঠে গড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম ও তৃতীয় রাউন্ড খেলবেন বলে জানানো হয়েছিল। প্রথম রাউন্ড খেলে পাকিস্তানে চলে গিয়েছিলেন মুমিনুল হকরা। পাকিস্তানে ইনিংস ব্যবধানে টেস্ট হারের পর দেশে ফিরেছে বাংলাদেশ দল। কিন্তু আজ থেকে শুরু হতে চলা বিসিএলের তৃতীয় রাউন্ডে টেস্ট দলের বেশিরভাগ সদস্যই খেলছেন না।

পাকিস্তান থেকে ফিরে মাঠে নামছেন টেস্ট দলের তিন ক্রিকেটার। তারা হলেন নাঈম হাসান, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। বিশ্রামে থাকছেন তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদরা। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট শুরু। বিসিএলের তৃতীয় রাউন্ড শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। ম্যাচ না খেলে নিজেদের মতো করে প্রস্তুতি নিতেই বিসিএল খেলছেন না অনেক ক্রিকেটার। 

বিসিএল এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় রাউন্ডের পরই ফাইনাল অনুষ্ঠিত হবে। তৃতীয় রাউন্ডটা তাই ফাইনালে জায়গা করে নেওয়ার মঞ্চ চার দলের জন্য। যেখানে এগিয়ে আছে দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দুই রাউন্ড শেষে ১৬.৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দক্ষিণাঞ্চল। ১৩.০৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চল ৯.৫ ও উত্তরাঞ্চল ৫ পয়েন্ট সংগ্রহ করেছে।

তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজ কক্সবাজারের এক নম্বর মাঠে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলবে উত্তরাঞ্চল। কক্সবাজারের দুই নম্বর মাঠে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে মধ্যাঞ্চল। দুটি ম্যাচই আজ সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

এদিকে তৃতীয় রাউন্ডের আগে চার দলেই কিছু পরিবর্তন এসেছে। এই রাউন্ড দিয়ে মাঠে ফিরছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের ইনজুরির কারণে প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি। রিহ্যাব পেরিয়ে ধীরে ধীরে খেলার মতো ফিট হয়েছেন সাইফউদ্দিন। তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে খেলবেন এই পেস বোলিং অলরাউন্ডার। এছাড়া দক্ষিণাঞ্চলে শফিউল ইসলাম, পূর্বাঞ্চলে নাঈম হাসান, মধ্যাঞ্চলে সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও জাবিদ হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অবশ্য আঙুলের ইনজুরি কাটিয়ে ফেরা মিরাজের বোলিং করা নিয়েও সংশয় আছে।