ফেরার ম্যাচে ডেল স্টেইন গড়লেন রেকর্ড। ইমরান তাহিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে উইকেট শিকারিদের তালিকার চূড়ায় উঠলেন এককভাবে। ডেল স্টেইনের প্রাপ্তির দিনে দক্ষিণ আফ্রিকা পেল নাটকীয় জয়। লুঙ্গি এনগিডির দারুণ বোলিংয়ে রোমাঞ্চকর লড়াইয়ে পেরে উঠল না ইংল্যান্ড।
প্রথম ম্যাচে ১ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে কুইন্টন ডি ককের দল। ১৭৭ রান তাড়ায় ৯ উইকেটে ১৭৬ রানে থেমেছে ওয়েন মর্গ্যানের দল।
জয়ের জন্য শেষ ওভারে সাত রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। প্রথম তিন বলে চার রান দিয়ে টম কারানের উইকেট তুলে নেন এনগিডি। শেষ দুই বলে প্রয়োজন ছিল তিন রান, টাই করতে দুই। সেই দুই বলে এক রান তুলতে মইন আলি ও আদিল রশিদের উইকেট হারায় ইংল্যান্ড।
ইস্ট লন্ডনের বাফেলো পার্কে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দক্ষিণ আফ্রিকা। ১৫ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংসে স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেওয়া ডি কককে থামিয়ে শুরুর জুটি ভাঙেন মইন।
রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড; তৃতীয় ওভারে আঘাত হানেন স্টেইন। জস বাটলারকে ফিরিয়ে ছাড়িয়ে যান তাহিরকে। ৬২ উইকেট নিয়ে ওঠেন টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার উইকেট শিকারীদের তালিকার শীর্ষে।
আরেক ওপেনার জেসন রয় শুরু থেকে চড়াও হন বোলারদের ওপর। দ্রুত এগোতে থাকে ইংল্যান্ড। জনি বেয়ারস্টোকে থামিয়ে ৭২ রানের জুটি ভাঙেন ফেলুকওয়ায়ো।
অধিনায়ক মর্গ্যানের সঙ্গে রয়ের ৪১ রানের জুটিতে ২ উইকেটে ১৩২ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় ইংল্যান্ড। ৩৮ বলে তিন ছক্কা ও সাত চারে ৭০ রান করা রয়কে থামিয়ে বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন বিউরান হেনড্রিকস। জো ডেনলি, স্টোকস, কারানের দ্রুত বিদায়ে শঙ্কায় পড়ে যায় ইংল্য্যান্ড।
এরপর এনগিডিরে সেই দারুণ ওভার। শেষ বলে দুই রান নিতে গিয়ে রশিদ রান আউট হয়ে গেলে ম্যাচ যায়নি সুপার ওভারে।
আজ ডারবানে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। —বিডি নিউজ
