শেয়ারবাজারে বিনিয়োগে তপশিলি ব্যাংককে বিশেষ তহবিল গঠনের সুযোগ দেওয়ার খরবে গতকাল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারও পুঁজিবাজারে বড়ো ধরনের উত্থান হয়েছে। সূচকের টানা উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেনের গতি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক বছর পর আবারও ৭০০ কোটি টাকার ওপর লেনদেন হয়েছে।
শেয়ারবাজারে স্টেকহোল্ডারদের একটি অংশের দাবির পরিপ্রেক্ষিতে গত সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে বিশেষ তহবিল গঠনের সুযোগ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য প্রত্যেকটি ব্যাংক ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে পারবে।
নিজস্ব উত্স অথবা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো, যা পরিশোধের সময় পাবে পাঁচ বছর। ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ দিতে পারবে। বাংলাদেশ ব্যাংক থেকে এ সুবিধা দেওয়ার পর মঙ্গলবার শেয়ারবাজারে উল্লম্ফন দেখা দেয়। সেই সঙ্গে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকার ঘরে পৌঁছে। বুধবার ডিএসইতে ৬০০ কোটি টাকার ওপর লেনদেন হয়। আগের দুই কার্যদিবসের মতো বৃহস্পতিবার লেনদেনের শুরুতেও শেয়ারবাজারে তেজিভাব দেখা যায়।
গতকাল ডিএসইতে ৭৩০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মাধ্যমে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারির পর বাজারটিতে সর্বোচ্চ লেনদেন হলো। গত বছরের ১৮ ফেব্রুয়ারি ডিএসইতে ৮৯১ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়। এরপর বাজারটিতে আর ৮০০ কোটি টাকার লেনদেন হয়নি।
অপরদিকে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় গতকাল ৮৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩৬ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইর শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দাম বাড়ার সীমার সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তিনটি কোম্পানি। এছাড়া আরো অর্ধশত প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি চলে আসে। অন্যদিকে ৬৫টি প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লিখিয়েছে। ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল ১ শতাংশের ওপর দাম বেড়ছে ২৩৪টির। এর মধ্যে ১৮৩টির দাম বেড়েছে ২ শতাংশের ওপর। ৪ শতাংশের ওপর দাম বাড়ার তালিকায় রয়েছে ৯৫টি। ৫ শতাংশের ওপর দাম বাড়ার তালিকায় রয়েছে ৬৪টি। ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬ শতাংশের ওপরে। ৯ শতাংশের ওপর দাম বেড়েছে ১৭টির।
গতকাল বৃহস্পতিবার বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ায় বড়ো অঙ্কের বাজার মূলধন ফিরে পেয়েছে ডিএসই। বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৬৬ কোটি টাকা, যা আগের দিন ছিল ৩ লাখ ৪২ হাজার ১৫০ কোটি টাকা। অর্থাত্ একদিনে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের মূল্য বেড়েছে ৪ হাজার ৯১৬ কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৬৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪২টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
