করোনা ইস্যু

বিকল্প বাজার খুঁজছে সরকার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৯

চীনের করোনা ভাইরাস ইস্যুতে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের পণ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। পরিস্থিতি উত্তরণে রসুনসহ কিছু পণ্যের ক্ষেত্রে বিকল্প বাজার খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চীন থেকে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি ঝুঁকির মধ্যে পড়েছে— আমদানিকারকদের এমন শঙ্কার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি গভীর সমস্যা। হঠাত্ করে এ বিষয়ে বলা মুশকিল। হঠাত্ করে কোথা থেকে  সোর্সিং করব? আমরা আশা করছি, বিকল্প বাজার পেয়ে যাব। যদিও সেজন্য সময় দরকার। যে কাঁচামাল আনতে হয়, সেটি অন্য কোথাও থেকে পেতে হলে তো সময় দিতে হবে।

বর্তমানে দেশে আমদানিকৃত রসুনের ৯০ শতাংশের বেশি আমদানি হয় চীন থেকে। রসুনের ব্যাপার এক ধরনের, আবার অন্য কাঁচামাল ইলেকট্রনিকস পণ্যের ওপর যদি প্রভাব পড়তে শুরু করে, তা অন্য রকমের ভাবনার বিষয়। আমরা চেষ্টা করব বিকল্প বাজার থেকে রসুন সংগ্রহ করতে। তবে কাঁচামাল আনার ক্ষেত্রে বেশ সমস্যা হবে।

তবে এ বিষয়ে এখনই আমাদের বলার সময় আসেনি। দেখি বড়ো ধরনের বিপদ আসে কিনা। রসুনের বিষয়ে তিনি বলেন, আমাদের বাজার মনিটরিং করা হচ্ছে। বাজার মূল্যের তালিকা ঝুলিয়ে রাখতে বলা হয়েছে। কেউ যদি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া বাংলাদেশের যেসব প্রকল্পে চীনের নাগরিকরা কাজ করছেন, তাদের ক্যাম্পে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত যারা এসেছেন তাদের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি।

তিন দিনের অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ও প্রযুক্তির এ মেলা শেষ হবে আগামীকাল শনিবার। বাণিজ্যমন্ত্রী অগ্নিনির্বাপক যন্ত্রপাতি দেশে তৈরি করার ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন।

এ সময় ইলেকট্র্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোতাহার হোসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেনেন্ট কর্নেল এস এম জুলফিকার রহমান, এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ, বিজিএমইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম প্রমুখ।