বিশ্বজয়ীদের বরণ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৯

স্টাফ রিপোর্টার, রংপুর

বিশ্বকাপ জয়ের এই অর্জনকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চান অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী। তিনি বলেছেন, ‘আমাদের বিশ্বকাপ জয়ের এই অর্জন যেন শেষ না হয়ে যায়। আমরা আরো সাফল্য চাই। যেন অনেক দূর এগিয়ে যেতে পারি।’

বৃহস্পতিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্বজয়ী অধিনায়ক আকবর আলী। রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল থেকে আকবরকে বরণ করে নিতে অপেক্ষায় থাকা হাজারো মানুষের ভিড়ে আবেগ আপ্লুত হয়ে যায় আকবর আলী। নিজ জেলার মানুষের কাছে বিশ্বকাপ জয়ের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আপনারা আমার জন্য আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে এসেছেন। আমি আপনাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ।’

সংবর্ধনা অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আনোয়ারুল ইসলাম, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতারাসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়াপ্রতিষ্ঠান ও সংস্থা, শিক্ষাঙ্গনের শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগী সাধারণ জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপরে গাড়ি বহরে করে পুরো রংপুর মহানগর প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে আনা হয় আকবর আলীকে। পরে সেখান থেকে তার নিজ এলাকা পশ্চিম জুম্মাপাড়ায় যান।

আকবরকে সৈয়দপুরে সংবর্ধনা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে সৈয়দপুর বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ সময় সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খানসহ রংপুর ও সৈয়দপুরের ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। এসময় আকবরকে প্রশাসনের কোর্ট পিন ও টাই পরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে তার বাবা সঙ্গে ছিলেন।

তামিম ও হূদয়কে বগুড়ায় বরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের দুই খেলোয়াড় তানজিদ হাসান তামিম ও তৌহিদ হূদয়কে বগুড়ায় ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে তারা ঢাকা থেকে সড়কপথে বগুড়া শহরের প্রবেশদার বনানীতে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর সামনে জাতীয় পতাকা উড়িয়ে পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে তাদের নেওয়া হয় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রিকেটভক্তরা  তাদের দুজনসহ  উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান।

এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে তামিম বলেন, ‘আমরা এ বিজয়ে খুব আনন্দিত। এ বিজয় শুধু আমাদের নয় দেশের ১৬ কোটি মানুষের বিজয়।’

জয় ও শামীমকে চাঁদপুরে সংবর্ধনা

চাঁদপুর প্রতিনিধি

বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দলের দুই সদস্য চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান শামীম হোসেন পাটওয়ারী ও মাহমুদুল হাসান জয়কে তাত্ক্ষণিক সংবর্ধনা দিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন।

গতকাল দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। দুই খেলোয়াড়কে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এর আগে শামীম ও জয় ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুরে আসলে সর্বস্তরের জনসাধারণ তাদেরকে লঞ্চঘাটে ফুল দিয়ে বরণ করেন। এ সময় শত শত ক্রীড়ামোদি মানুষ লঞ্চঘাটে ভিড় জমায় এবং বিরাট গাড়ির বহর নিয়ে সারা শহর প্রদক্ষিণ করে। অপরদিকে দুপুরে তাদের নিজ উপজেলা ফরিদগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা ক্রীড়া সংস্থা।

পঞ্চগড়ে শরিফুলকে বরণ

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাদেশ যুব দলের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম গ্রামের বাড়িতে এসেছেন। বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারী নগরডাঙ্গার নিজ বাড়িতে আসেন। গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকাবাসী ব্যান্ডপার্টির বাদ্যসহ তাকে স্বাগত জানায়।

এরপর এলাকার মানুষ ও শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ।