করোনা ভাইরাস শঙ্কা

আপাতত হচ্ছে না আন্তর্জাতিক সাইক্লিং

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে লোগো উন্মোচন করেছিল বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। কথা ছিল ২৭-২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাইক্লিং। কিন্তু করোনা ভাইরাসের শঙ্কায় আপাতত হচ্ছে না প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সাইক্লিং।

সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান জানিয়েছেন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আন্তর্জাতিক সাইক্লিং হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। এ ব্যাপারে পারভেজ বললেন, ‘করোনা ভাইরাসের কারণে একটা আতঙ্ক রয়েছে। ২৫ দেশের ক্রীড়াবিদরা আসবেন আর এই সময়ে করোনা ভাইরাসের একটা ঝুঁকি রয়েছে।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাইক্লিং কবে হবে জানতে চাইলে ফেডারেশন সাধারণ সম্পাদক জানিয়েছেন তারা আন্তর্জাতিক সাইক্লিং সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন। সেখান থেকে বর্ষপঞ্জি দেখে আরেকটা সময় বের করতে হবে। পারভেজ বললেন, ‘আন্তর্জাতিক সংস্থা যেটি আছে তারাই আমাদেরকে একটা সময় খুঁজে দেবে। সম্ভবত আগামী এপ্রিলে আমরা আন্তর্জাতিক সাইক্লিং আয়োজন করতে পারব।’

সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনির জানিয়েছেন আপাতত হচ্ছে না বলেই তারা পাঁচ সদস্যের একটা কমিটি করেছেন। এই কমিটি করণীয় নির্ধারণ শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি বলেন, ‘এরই মধ্যে করোনা ভাইরাস আতঙ্কে চার দেশ তাইওয়ান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, জর্ডান চিঠি দিয়েছে। একজন গেস্ট আসার কথা, তিনিও আপত্তি জানিয়েছেন। ২৫টি দেশ আসার কথা ছিল। এদের মধ্যে ১৮টি দেশ লিখিত সম্মতি দিলেও বাকিরা পাসপোর্টের কপি পাঠায়নি হয়তো এখন পেয়েও যাব। কিন্তু যেহেতু এখনই আন্তর্জাতিক সাইক্লিং হচ্ছে না তাই আমরাও একটু রয়েসয়ে সিদ্ধান্ত নিচ্ছি।’