‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, দেড় লাখ ইয়াবা উদ্ধার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৭

কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মংকিউ তঞ্চ্যঙ্গা (২৫) নামে এক ইয়াবাকারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ ৪০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি। 

বৃহস্পতিবার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর পানবাজার এলাকার নাফ নদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

বৃহস্পতিবার বিকাল ৪টায় ৩৪ বিজিবির দেয়া এক বার্তায় লে. কর্নেল আলী হায়দার বলেন, ভোরে নাফ নদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ এলাকার বেড়িবাঁধ দিয়ে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে ৫-৬ জন সন্দেহভাজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়। এসময় সন্দেহভাজন লোকেরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। ইয়াবা পাচারকারীরা গুলি ছুড়তে ছুড়তে রাতের অন্ধকারে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় এক লাখ ৪০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি লম্বা বন্দুক ও তিনটি গুলি।

তিনি আরো বলেন, এ ঘটনায় বিজিবির সদস্যরা গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন তার পরিচয় শনাক্ত করে।

বিজিবির দাবি, নিহত মংকিউ তঞ্চ্যঙ্গা একজন চিহ্নিত মাদকপাচারকারী।  তিনি মিয়ানমার সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবাপাচারে সক্রিয় ছিলেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ