তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার পরিবার প্যারোলে তার মুক্তি চায়। কিন্তু বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো দাবি এখনো পর্যন্ত উপস্থাপন করা হয়নি। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, বেগম জিয়াকে কারাগারে না রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে। তাকে তার পছন্দের গৃহপরিচারিকাকে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়েছে।
গতকাল বিশ্ব বেতার দিবস-২০২০ উপলক্ষ্যে বাংলাদেশ বেতার আয়োজিত র্যালি উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, খালেদা জিয়ার যেসব শারীরিক সমস্যা রয়েছে, তা অনেক পুরনো। এসব সমস্যা নিয়েই তিনি দুইবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সাজা হবার পর থেকে বিএনপির পক্ষ থেকে সেই স্বাস্থ্য সমস্যাগুলোকে ফুলিয়ে-ফাঁপিয়ে বড়ো করে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। বেতার দিবস সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ বেতার। পুরো নয় মাস জুড়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ ছিল মুক্তিযোদ্ধাদের জন্য প্রেরণার কেন্দ্রবিন্দু।
