ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরের ইহুদি বসতির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর তালিকা সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। দীর্ঘ প্রতিক্ষিত এ প্রতিবেদনে যে ১১২টি ব্যবসা প্রতিষ্ঠানের নাম এসেছে তার মধ্যে এয়ারবিএনবি, বুকিং ডটকম, এক্সপেডিয়া গ্রুপ ও মটোরোলা সল্যুশনের মতো কোম্পানিও আছে। ১৯৬৭ সালে ইসরাইল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে সেখানে এখন পর্যন্ত গড়ে ওঠা ১৪০টির মতো বসতিতে প্রায় ছয় লাখ ইহুদি বসবাস করছে। এ বসতিগুলো আন্তর্জাতিক আইনে ‘অবৈধ’ হিসেবে বিবেচিত হয়ে এলেও ইসরাইল সবসময় তা নিয়ে আপত্তি জানিয়ে আসছে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরেই বসতিগুলোর উচ্ছেদ চাইছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এ প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বসতিগুলোতে কর্মরত গোষ্ঠী ও কোম্পানিগুলোর তালিকা সম্বলিত এ প্রতিবেদন আন্তর্জাতিক আইনের বিজয়। -বিবিসি
