পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশকে আরো বেশি ব্যবসায়বান্ধব করতে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনে বিশ্বসম্প্রদায়ের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সভায় তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান আরো বেশি জোরালো হওয়া উচিত ছিল। তিনি বলেন, রোহিঙ্গাদের কোনো ভবিষ্যত্ নেই, কোনো আশা নেই। তারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়ে আসছে। সম্প্রতি মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাদের মারা যাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন। এ সময় বেশ কয়েকটি দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।
অ্যামচেম সভাপতি সৈয়দ ইরশাদ আহমেদের সভাপতিত্বে সভায় পররাষ্ট্রমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।
