মুজিববর্ষে ৮-১৪ মার্চ পালিত হবে ‘পুলিশ সেবা সপ্তাহ’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:০০

মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ৮-১৪ মার্চ  সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সব ইউনিটে ‘পুলিশ সেবা সপ্তাহ’ পালন করা হবে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে’ এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দুই পর্বের এ কনফারেন্সের প্রথম পর্বে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে পুলিশিং ও প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। দ্বিতীয় পর্বে মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের বিভিন্ন কার্যক্রম ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। সভায় সকল রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটনের কমিশনার ও জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন।

সভায় মুজিববর্ষ উদ্যাপন, একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন বিশেষ করে ধর্ষণ মামলা, ওয়ারেন্ট তামিল, মামলা ও জিডি রুজু, পুলিশ ক্লিয়ারেন্স, চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশন, মাদক ও পুলিশের প্রতি জন-আস্থা ইত্যাদি বিষয় আলোচনায় উঠে আসে।