বিনোদন রিপোর্ট
যুক্তরাজ্যের বারমিংহাম মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে আগামী ২৯ ফেব্রুয়ারি থাকছে সোনিয়া সাবরি ও অর্থী আহমেদের ধ্রুপদী নৃত্যের পরিবেশনা। সঙ্গে থাকছে সাহাসার অংশবিশেষ ।
‘সাহাসা’ হলো নিজ ও অন্যকে ঘিরে আবর্তিত দ্বন্দ্বপূর্ণ আধুনিক পৃথিবীর সঙ্গে মূল্যবোধ এবং সম-অধিকারের একটি সাহসী লড়াই। নৃত্য ও সংগীতের সমন্বয় করে শুরু হচ্ছে বার্মিংহাম এবং বাংলাদেশের ৩ জন নারী শিল্পীর ৩ বছরব্যাপী রূপান্তরশীল আখ্যানের এক অনন্য আন্তর্জাতিক যৌথ প্রকল্পের।
সোনিয়া সাবরি কোম্প্যানি এবং সাধনা হলো যুক্তরাজ্য ও বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুটি শিল্প সংস্থা। এই দুটি সংস্থা প্রথমবারের মতো একসঙ্গে শ্বাসরুদ্ধকর নৃত্য এবং সংগীত সৃষ্টির একটি প্রচেষ্টা নিয়ে কাজ করছে। উল্লেখযোগ্য, শিল্পীদের মধ্যে হলেন নৃত্যশিল্পী সোনিয়া সাবরি ও অর্থী আহমেদ, কণ্ঠশিল্পী সঞ্চিতা পাল এবং সুরকার ও তবলাবাদক ওস্তাদ সারভার সাবরি। বাংলাদেশের নারীদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চাহিদার পরিপ্রেক্ষিতে নিজস্ব আকাঙ্ক্ষা ও প্রতিবন্ধকতার ভিত্তিতে দক্ষিণ এশীয় ঘরানায় উদ্ব নৃত্য ও আত্মিক সংগীত চর্চার ওপর ঢাকা এবং বার্মিংহামে চালানো গবেষণা নিয়ে আলোচনার মাধ্যমে ‘সাহাসা’ একটি কৌতুহলের জাল বুনেছে। ‘সাহাসার’ গবেষণাভিত্তিক কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি সাধনার পক্ষ থেকে বাংলাদেশের তরুণ প্রতিভাবান নৃত্যশিল্পী অর্থী আহমেদ বারমিংহামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এখানে মহড়া ও মতবিনিময়ের মাধ্যমে শিল্পীদের সঙ্গে গবেষণা, ধারণা ও নির্মাণ সম্পর্কে সরাসরি কথা বলার সুযোগ থাকবে। প্রকল্পটির চূড়ান্ত উন্নয়নের ক্ষেত্রে সংস্থাটি এর দর্শকদের মতামতকে স্বাগত জানায়। এছাড়া আয়োজনটিতে সোনিয়া এবং অর্থীর কত্থক ও ভরতনাট্যম পরিবেশনার পর থাকছে সাহাসার গবেষণার ওপর প্রশ্নোত্তর পর্ব।
