এদেশের সিনেমায় নতুনমাত্রা যোগ করবে ‘দিন:দ্য ডে’:অনন্ত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:১২

বিনোদন রিপোর্ট

 

ঢালিউড সিনেমায় আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। বাংলা সিনেমায় অনেক নতুন কিছু যোগ করেছেন তিনি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টাও ছিল সবসময় এবং সফলতার অনেকদূর পৌঁছেছেন এই চিত্রনায়ক। তবে দীর্ঘদিন তার কোনো সিনেমা নেই বাজারে। সেই অপেক্ষায় শিগগিরই শেষ হতে যাচ্ছে অনন্তের ভক্তদের। 

গতবছর অনন্ত শুরু করেন ‘দিন:দ্য ডে’ সিনেমার শুটিং। অবশেষে ছবিটি এ বছরের কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

প্রায় ৬ বছর পর অনন্ত জলিলের ভক্তরা তার কোনো সিনেমা পেতে যাচ্ছে।

অনন্তের কাহিনি অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ। নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয় এই সিনেমাটি। সিনেমায় অনন্ত একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। ছবিটির অধিকাংশ শুটিং হয়েছে বাংলাদেশ ও ইরানে। এছাড়া কিছু শুটিং হয়েছে আফগানিস্তান ও তুরস্কে। অনন্ত বলেন, ‘এদেশের সিনেমায় নতুনমাত্রা যোগ করবে ‘দিন:দ্য ডে’। আর প্রত্যেক ভক্তদের যে আস্থা রয়েছে, তার শতভাগ পূরণ হবে এটি বিশ্বাস করি। সিনেমাটি নিয়ে বিভিন্ন চমক সামনে আসছে।’