মাত্র পাঁচ হাজার টাকার জন্য পিটিয়ে খোরশেদ আলম জদু মিয়া (৫০) নামে এক রিকশাচালককে হত্যা করেছে পাওনাদার। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জদু মানিকগঞ্জ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের ঘটুমিয়ার ছেলে। এ ঘটনায় আসাদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এ বিষয়ে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম জানান, আমার স্বামীর কাছে কেউ একজন ৫ হাজার টাকা পেত। আমি তার নাম জানি না। আজ বিকেলে হঠাত্ আসাদ ও রুহুলসহ আরো কয়েকজন লোক আমার বাড়ির পাশের রাস্তায় আমার স্বামীকে মারধর করে। আমরা আটকানোর চেষ্টা করি। মারধরের একপর্যায়ে জদু বমি করতে থাকে। আমরা তার মাথায় পানি দিই। কিছুক্ষণ পরে সে মারা যায়।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
