বিনোদন ডেস্ক
‘থ্রি ইডিয়ট’ সিনেমার মধ্য দিয়ে আমির-কারিনা জুটি বেশ আলোচনা তৈরি করে বলিউডে। সেই জুটি আবারো নতুন রসায়নে ফিরছেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দিয়ে। আর আমিরের সঙ্গে কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বসিত কারিনা। সেই কথা গণমাধ্যমে বেশ কয়েবার প্রকাশ করেন কারিনা। সম্প্রতি এই সিনেমার পোস্টার প্রকাশ পায়। এরপর আমিরের সঙ্গে কাজ নিয়ে কারিনা বলেন, ‘আমিরের সঙ্গে কাজ করাটা আমার ক্যারিয়ারে অন্যতম সুযোগ। জানি না আর সিনেমা করতে পারবো কি-না। তবে আমিরের সঙ্গে আমি ১০০ সিনেমা করতে চাই।’ অন্যদিকে ভালোবাসা দিবসে কারিনাকে শুভেচ্ছা জানান আমির। তিনি বলেন, ‘যদি সব ছবিতে তোমার সঙ্গে রোম্যান্স করতে পারতাম কারিনা! তোমার সঙ্গে রোম্যান্সের অনুভূতিটা আপনা-আপনিই চলে আসে! ভালোবাসা নিও!’ ভালোবাসা দিবস উপলক্ষে আমির ‘লাল সিং চাড্ডা’র নতুন পোস্টার প্রকাশ্যে এনেছেন। পোস্টারে দেখা গিয়েছে আলিঙ্গনরত আমির-কারিনাকে। সেজন্যই করিনাকে প্রেম নিবেদন করে এমন অভিনব স্টাইলে পোস্টার প্রকাশ করলেন অভিনেতা। ছবির প্রচারের ক্ষেত্রে আমিরের ভাবনা যদিও বরাবরই অভিনব।
গতবছরের শেষের দিকেই ‘লাল সিং চাড্ডা’য় আমির খানের লুক প্রকাশ্যে এসেছিল। যেখানে আমিরকে সর্দারজির বেশে দেখা গিয়েছে। কলকাতাতেও এসেছিলেন ছবির শুটিংয়ে। লাল সিং চাড্ডার চরিত্রে অভিনয়ের জন্য কসরতও কম করতে হয়নি আমিরকে। কী না করেছেন? ৬ মাস ধরে জোর খেটে কমাতে হয়েছে শরীরের ওজন। একদম ছিপছিপে চেহারায় ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। দিনরাত শারীরিক কসরত করে প্রায় ২০ কেজির মতো ওজন ঝরিয়ে ফেলেছেন মিস্টার পারফেকশনিস্ট। কখনো পাগড়ি আবার কখনো বা লম্বা চুল, হাতে কড়া, দাড়ি-গোঁফ, এভাবেই পুরোদস্তুর লাল সিং চাড্ডা হয়ে উঠেছেন তিনি।
হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি।
