বিএনপির বিরুদ্ধে ইসিতে নালিশ আওয়ামী লীগের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০০:১৪

প্রচারণা শুরুর পর থেকে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের হাতে আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মী নিহত হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এসময় ২৫০জন ক্ষমতাসীন দলের নেতাকর্মী আহত হয়েছে বলে ইসির কাছে অভিযোগ করা হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাত করে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এ অভিযোগ করে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত লিখিত অভিযোগ সিইসি বরাবর জমা দেয়া হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগের শত শত নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। নেতাকর্মীদের বসতবাড়ি ও দোকানপাটে হামলা করা হচ্ছে। সারাদেশে ২৪টি জায়গায় বোমা হামলা, গুলি বর্ষণ ও অগ্নিসংযোগ করা হয়েছে। নির্বাচনী মিছিলেও হামলা করা হয়েছে। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। বিএনপি-জামায়াত ২০০১ সালের স্টাইলে সংখ্যালঘু নির্যাতনের পথ বেছে নিয়েছে। এসব হামলা ও সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। লিখিত অভিযোগে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার বিবরণ সংযুক্ত করা হয়েছে।