দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম পথিকৃত্ এবং সফল উদ্যোক্তা আব্দুল্লাহ এইচ কাফিকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছে বেসিস। সদস্যসমাপ্ত ‘বেসিস সফটএক্সপো ২০২০’ শীর্ষক আয়োজনের সমাপনী অনুষ্ঠানে আব্দুল্লাহ এইচ কাফির হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সফটএক্সপোর আহ্বায়ক ও বেসিস সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, বেসিস সহসভাপতি ফারহানা এ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৪০ বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে দেশে-বিদেশে তুলে ধরার পাশাপাশি বেসিস সদস্য প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধিতে আন্তর্জাতিক পরিসরে নেটওয়ার্ক তৈরিতে ভূমিকা রাখায় আব্দুল্লাহ এইচ কাফিকে আজীবন সম্মাননা জানায় বেসিস। আব্দুল্লাহ এইচ কাফি বর্তমানে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি সংগঠন বেসিস, বিসিএস, ই-ক্যাব ও আইএসপিএবির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আব্দুল্লাহ এইচ কাফি বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাতা সদস্য এবং এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংগঠন অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সদস্য, উইটসার পরিচালক, অ্যাসোসিওর অ্যাওয়ার্ড কমিটির প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। উইটসার সদস্য হিসেবে বিসিএস এবং অ্যাপিকটার সদস্যা হিসেবে বেসিসের অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন আব্দুল্লাহ এইচ কাফি। তিনি বর্তমানে দেশে ক্যানন পণ্যের অনুমোদিত পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক।
