সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরের চরবিশ্বনাথপুর ও হাজারবিঘা সংলগ্ন পদ্মা নদীর পাড় দিয়ে ভারী যানবাহনযোগে বালু পরিবহন করা হচ্ছে। আর এতে নদীর পার্শ্ববর্তী ফসলি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একই কারণে চরবিশ্বনাথপুর পাকা রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
ভুক্তভোগী কৃষক জবানী সরদারসহ এলাকাবাসী জানান, চরবিশ্বনাথপুর এবং হাজারবিঘা মৌজায় উপজেলার ভায়না ইউনিয়নের গোপালপুর, লক্ষ্মীপুর, চলনা, চরপাড়া ও পৌরসভার চরমানিকদীর এবং চরসৃজানগরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের হাজার হাজার বিঘা ফসলি জমি রয়েছে। ঐসব গ্রামের কৃষক তাদের ঐ জমিতে পেঁয়াজ এবং সরিষাসহ বিভিন্ন ফসল আবাদ করে জীবিকানির্বাহ করেন। কিন্তু কতিপয় প্রভাবশালী ব্যক্তি পদ্মা নদী থেকে অবৈধভাবে মোটা এবং ভিটা বালু উত্তোলন করে পদ্মা নদীর পাড় দিয়ে ট্রাক, ট্রলি ও হ্যারো গাড়িযোগে পরিবহন করছে। এতে নদীর পার্শ্ববর্তী ঐ সকল ফসলি জমি ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কৃষক মন্টু প্রামাণিক অভিযোগ করেন, পদ্মা নদীর পার্শ্ববর্তী আমাদের জমির ওপর দিয়ে বালু নেওয়ার পথ তৈরি করা হয়েছে। প্রতিদিন ঐ পথ দিয়ে শত শত ট্রাক, ট্রলি ও হ্যারো গাড়িযোগে বালু বহন করা হচ্ছে। ইতিপূর্বে পদ্মা নদীর পাড় দিয়ে বালু বহন করার কারণে শতাধিক বিঘা জমি নদীতে ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও তিনি জানান।
ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন, বালু বহনের কারণে কেবল ফসলি জমি নয়, চরবিশ্বনাথপুর পাকা সড়কও ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এতে এলাকার জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সহকারী ভূমি কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) রওশন আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জনস্বার্থে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
