সিইসির কাছে জনসভা করার অনুমতি চাইলো বিএনপি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০০:১৫

২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি না পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) শরণাপন্ন হয়েছে বিএনপি। গতকাল সন্ধ্যায় বিএনপির একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাত্ করে এ বিষয়ে অভিযোগ করেছে। নির্বাচনী প্রচারের শেষ দিন ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন জনসভা করতে পারবে না তা জানতে চেয়েছে বিএনপি।

বিএনপি নেতাদের এই প্রশ্নের জবাবে সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, ২৭ ডিসেম্বর জনসভা করার অধিকার বিএনপি রাখে। এ ব্যাপারে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। পরে গণমাধ্যম কর্মীদের কাছে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ঢাবি শিক্ষক সুকোমল বড়ুয়া, খান এম ইব্রাহিম হোসেন, দলীয় চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা সিইসির কাছে নানা অভিযোগও তুলে ধরেন। এর মধ্যে চট্টগ্রাম ২ আসনের প্রার্থী আজিমুল্লাহ বাহারের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলা, নোয়াখালী-৪ আসনে মো. শাহজাহানের ওপর পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের হামলা, দেবীদ্বার সার্কেল এসপির ভয়ভীতি দেখানো এবং মুরাদনগরের ওসির দলীয় নেতাদের মতো আচরণ প্রভৃতি। নজরুল ইসলাম খান আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিজ সুনাম রক্ষার স্বার্থে এসব বিষয়ে ব্যবস্থা নেবে। তিনি বলেন, সেনাবাহিনী মর্যাদার প্রতীক। তাদের আশা নির্বাচনে এ বাহিনীর সদস্যরা নিরপেক্ষ দায়িত্ব পালন করে দেশের মর্যাদা বাড়াবেন।

বই উত্সব উদ্বোধনে বিধি লঙ্ঘন-ইসিকে ঐক্যফ্রন্ট

আজ সোমবার প্রধানমন্ত্রীর বই উত্সব উদ্বোধনের প্রস্তুতি নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সাথে ভোটের আগে বই উত্সব বন্ধ করতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। গতকাল রবিবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেন গণফোরামের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু। চিঠিতে বলা হয়, আমরা মনে করি- এ ধরনের কর্মসূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে।’

নিরাপত্তা চেয়ে ইসিতে এ্যানির আবেদন

লক্ষ্মীপুর-৩ আসনে প্রতীক বরাদ্দের দিন থেকে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থীর সশস্ত্র ক্যাডাররা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রচারণায় বাধা দিচ্ছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে ধানের শীষের প্রার্থী এ্যানির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লিখিত অভিযোগ দেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। ধানের শীষের প্রচারণায় পুলিশি নিরাপত্তা দিতে এসপি ও ডিসিকে নির্দেশ দিতে সিইসির কাছে আবেদন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

অবরুদ্ধ থেকেই সিইসির কাছে অভিযোগ, তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহার দাবি

তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের প্রত্যাহার দাবি করেছেন চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী। চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দিন অবরুদ্ধ আছেন উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে গতকাল রবিবার লিখিত অভিযোগ করেন। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে ও নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ করে দিতে সিইসির কাছে অভিযোগ দেন প্রার্থীর স্ত্রী শাহানাজ শারমিন জালাল।

প্রিজাইডিং অফিসার নিয়োগে আপত্তি ঐক্যফ্রন্ট প্রার্থীর

কুমিল্লা-৭ আসনে নির্বাচনে দায়িত্ব পালন করবেন এমন অন্তত ৩৩ জন প্রিজাইডিং অফিসারের বিষয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ। গতকাল রবিবার নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিত এক চিঠিতে প্রিজাইডিং অফিসার নিয়োগের বিষয়ে আপত্তি জানান ধানের শীষের প্রার্থী।