দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে মাত্র এক কিলোমিটার গ্রামীণ রাস্তার এইচবিবির কাজ এক বছরেও শেষ হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে উপজেলা সদরের রাজাপুর, উত্তর রাজাপুর, চকজানসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় থেকে জানা গেছে, গত ১৮-১৯ অর্থবছরে উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের লেবুর দোকান থেকে রক্তদহ বিলের মুখ পর্যন্ত মাত্র এক কিলোমিটার জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার এইচবিবি কাজের জন্য দরপত্র প্রদান করা। আইআরডিপি (অগ্রাধিকার প্রকল্প-২) প্রকল্পের আওতায় গ্রামীণ এই রাস্তায় কাজের মধ্যে রয়েছে ডারার পাশ দিয়ে গুরুত্বপূর্ণ স্থানের ২৫ মিটার প্যালাসাইড নির্মাণ। গত বছরের ডিসেম্বর মাস ছিল কাজ শেষ করার নির্ধারিত সময়। স্থানীয় বাসিন্দা বাবু, মোহসিন আলী, রাহিমসহ অনেকে অভিযোগ করে বলেন, আমরা প্রায় এক বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছি। কিন্তু সামান্য এই কাজ আর শেষ হচ্ছে না। কাজের জন্য দীর্ঘদিন ধরে রাস্তায় ফেলে রাখা হয়েছে বালু ও ইট। বের করে রাখা হয়েছে রড কিন্তু খবর নেই কাজের লোকের। রক্তদহবিল ও আশেপাশের মাঠ থেকে ধানসহ অন্যান্য ফসল বাড়িতে নিয়ে আসা ও নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য গ্রামবাসীর চলাচলের একমাত্র ভরসা এই গ্রামীণ রাস্তাটি। দীর্ঘদিন ধরে রাস্তার কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে। আমরা চাই অতিদ্রুত নতুন করে রাস্তার কাজ শুরু করা হোক আর তা না হলে মাঠ থেকে ধান নিয়ে আসাসহ আসন্ন বর্ষা মৌসুমে আমাদের চরম বিপদে পড়তে হবে।
নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম বলেন, এই প্রকল্পের মেয়াদ রয়েছে চলতি বছরের জুন পর্যন্ত। আমি ঠিকাদারকে অতিদ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেছি। আগামী ৫ মার্চের মধ্যে ঠিকাদার কাজ শেষ করবেন বলে অঙ্গীকার করেছেন। তারপরও যদি তিনি কাজ শেষ করতে না পারেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করাসহ বিকল্প পদক্ষেপ নেওয়া হবে।
