সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ ভবন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

শৈলকুপা ১৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনটি অনেক দিন আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।  অর্থাভাবে ভবনটি পুনর্নির্মাণ করা যাচ্ছে না।

জেলার পুরোনো প্রাইমারি স্কুলের মধ্যে শৈলকুপা ১৮ নম্বর স্কুল একটি। জানা যায়, ব্রিটিশ আমলে স্কুলটি স্থাপিত হয়। বর্তমানে এটি উপজেলার মডেল প্রাইমারি স্কুল করা হয়েছে। আগে টিনের ঘর ছিল। ১৯৬০ সালের দিকে স্কুলের পাকা ভবন নির্মাণ করা হয়। মেরামত ও সংস্কারের অভাবে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদ থেকে কংক্রিটের পলেস্তারা ভেঙে পড়ছে। রড বের হয়ে পড়েছে। অন্য ভবনে ক্লাস নেওয়া হয়; কিন্তু ছাত্রছাত্রীদের স্থানসংকুলান হয় না। স্কুলের প্রধান শিক্ষক আবদুল আজিজ জানান, বর্তমানে এ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২৫০। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরোনো ভবনে ক্লাস নেওয়া হয় না। তবে এ স্কুলে পিএসসি পরীক্ষাকেন্দ্র আছে। ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনে পরীক্ষা নেওয়া হয়ে থাকে।

তিনি আরো জানান, গত অর্থবছরে সরকারের বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা কর্মসূচির আওতায় ৭০ হাজার টাকা পাওয়া গেছে।  এ টাকা থেকে ছাত্রছাত্রীদের ডিজিটাল হাজিরা মেশিন ক্রয় ও শিক্ষার্থীদের পরিচয়পত্র তৈরির ব্যয় মেটানো হয়েছে। এ ছাড়াও স্কুল পরিচালনার জন্য আনুষঙ্গিক খরচ এ টাকা থেকে মেটানো হয়েছে। ফলে ভবন মেরামতের মতো টাকা অবশিষ্ট থাকে না।

জেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘পর্যায়ক্রমে সরকারি প্রাইমারি স্কুলগুলোর জন্য নতুন ভবন নির্মাণের কাজ চলছে। উপজেলা থেকে এ স্কুলের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের প্রস্তাব গেলে তা নির্মাণ করা হবে।’