উন্নয়নকাজ পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। শুক্রবার বিকাল ৩টায় হেলিকপ্টারযোগে তিনি মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এসে পৌঁছান। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিভিন্ন স্থান সরজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের বাণিজ্যের পরিধি অনেক বাড়াতে হবে। এ জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনৈতিক কূটনীতি গ্রহণ করেছি। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে আমরা এখন বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছি। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। আমাদের দেশের অর্থনীতি এখন অনেক বেশি প্রাণবন্ত। তিনি আরো বলেন, এই অর্থনৈতিক অঞ্চলে কি হচ্ছে তা সরেজমিনে দেখার জন্যই আমরা সবাই এখানে এসেছি। যাতে আমরা বিদেশি বিনিয়োগকারীদের এ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে বলতে সুবিধা হয়। এখন আমরা বিদেশি বিনিয়োগকারীদের এই অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন সুবিধা সম্পর্কে আরো বেশি বলতে পারব।

এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রমুখ।