খুলনা অফিস
‘বিশ্ব ভালোবাসা দিবসে কেবল মানুষকে নয়, সুন্দরবনকে ভালোবাসুন’ এ স্লোগানে খুলনায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বন অধিদপ্তর, বেসরকারি সংস্থা সুন্দরবন একাডেমি, রূপান্তর ও খুলনা প্রেসক্লাবসহ কয়েকটি প্রতিষ্ঠান দিবসটি পালন করে।
দিবস উপলক্ষ্যে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা ও অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান। সুন্দরবন বিষয়ে তথ্য উপস্থাপন করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল-আল-মামুন। বক্তৃতা করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সুন্দরবন একাডেমির প্রতিষ্ঠাতা উপদেষ্টা স্বপন কুমার গুহ।
প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে
মোংলায় মানববন্ধন
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, ওয়ার কিপার্স বাংলাদেশ ও পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় মোংলার সেন্টপলর্স উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে শহরে র্যালি বের হয়। র্যালি শেষে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন পালিত হয়। বাপার বাগেরহাট জেলা সমন্বয়কারী নুর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, সমবায়ী নেতা পীযুষ কান্তি মজুমদার, অধ্যাপক সুরেশ চন্দ্র রায়, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, নিরাপদ সড়ক চাই মোংলার সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, নারীনেত্রী গীতা রায় প্রমুখ।
এছাড়া সুন্দরবন দিবসে শিশুরা বাঘ এবং সুন্দরবনের প্রাণবৈচিত্র্যের ছবি অঙ্কনের মাধ্যমে সুন্দরবন রক্ষার তাগিদ তুলে ধরেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অর্ধশতধিক শিশুরা অংশগ্রহণ করে।
