নাটোরে বসন্ত বরণ উত্সব পালন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার পালিত হয়েছে বসন্ত বরণ উত্সব। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নানা রঙের পোশাক পরে বিভিন্ন বয়সের নারী-পুরুষ এই র্যালিতে অংশ নেয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীভবানীর রাজবাড়ি চত্বরে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।