নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উত্সব

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২

নেত্রকোনা প্রতিনিধি

বসন্ত বন্দনা, তবলার লহরী, আনন্দ শোভাযাত্রা আর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে নেত্রকোনায় শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ২৪তম বসন্তকালীন সাহিত্য উত্সব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে মোক্তারপাড়াস্থ পাবলিক লাইব্রেরির বকুলতলা চত্বরে সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উত্সবের শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও ধীমান হাবিবুর রহমান আহমেদ। এ সময় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ চলাকালীন সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বেলা ১১টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উত্সবস্থলে এসে শেষ হয়। সন্ধ্যায় বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত  কবি  কামাল চৌধুরীকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।