মাটি যাচ্ছে ইটভাটায়, নষ্ট হচ্ছে সড়ক
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। উপজেলা জুড়ে অবৈধভাবে খনন করা হচ্ছে পুকুর। এর কারণে পাকা সড়ক নষ্ট হচ্ছে। তিন ফসলি জমিও বাদ যাচ্ছে না। আর মাটি নেওয়া হচ্ছে লাইসেন্সবিহীন ইটভাটায়।
সরেজমিনে দেখা গেছে, মির্জাপুর এলাকায় মাটি কেটে পাশের বওশা ঘাটের হাজী ব্রিকসে মাটি দেওয়া হচ্ছে। কামালপুর, খতবাড়ি, চিরইল, বোয়ালমারী, ধুলাইড়ি, ছাইকোলা এলাকায় চলছে পুকুর খনন। এসব পুকুরের মাটি যাচ্ছে ইটভাটায়। ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো. হানিফ উদ্দিন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক ও মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল ‘পুকুর খনন করার ফলে রাস্তার ক্ষতি হচ্ছে’ মর্মে অভিযোগ করেন। সভায় অবৈধভাবে পুকুর খননকারীদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো. হানিফ উদ্দিন বলেন, পুকুর খনন করার ফলে রাস্তার ক্ষতি হচ্ছে মর্মে অভিযোগ করা হয়েছে। অনেক সদস্যই বৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
