গোপালপুরে যমুনা চরে ঘুড়ি উত্সব
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে দিনব্যাপী এক ঘুড়ি উত্সব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোপালপুর উপজেলার নলিন যমুনা চরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাখারিয়া নয়াপাড়া মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ঘুড়ি উত্সবের উদ্বোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান, অধ্যক্ষ সাত্তার খান এবং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা ময়না। এতে তিন শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়।
রাজশাহীতে পাঁচ দিনব্যাপী পুষ্পমেলা শুরু
স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহীতে পাঁচ দিনব্যাপী ওয়ান ব্যাংক পুষ্পমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নগরীর সিএনবি মোড়ে এ মেলার উদ্বোধন করা হয়। বৈকালী সংঘের সভাপতি এ ওয়াই এম মনিরুজ্জামানের সভাপতিত্বে পুষ্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার অর্থ ও প্রশাসন সুজায়েতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ওয়ান ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ওয়াকার হাসান। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল-সন্ধ্যা পুষ্পমেলা চলবে।
সুন্দরবন দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা-আলোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন দিবস উপলক্ষ্যে শুক্রবার শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী।
মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে তাড়াশে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার পাবলিক লাইব্রেরি হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় জাতীয় ও আঞ্চলিক পত্রিকার ২৭ জন সংবাদকর্মী। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল।
ডোমারে বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আজ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমারে দেশের দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে আজ শনিবার। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ডোমার উপজেলা পরিষদ সংলগ্ন দুই একর জমির ওপর কেন্দ্রটি নির্মাণ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান।
স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও জেলা হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা হয়। সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য পরিদর্শক সমিতির আহ্বায়ক ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ এম আব্দুল বাসেদ। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আরশাদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
হুইল চেয়ার বিতরণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা রক্তদানের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন তালা ব্লাড ব্যাংকের প্রচেষ্টায় হুইল চেয়ার পেল উপজেলা মোবারকপুর গ্রামের দরিদ্র প্রতিবন্ধী মো. মোজাহার সরদার (৭৫) ও মাঝিয়াড়া গ্রামের মির্জা বাচ্চু হোসেন (৫২)। বৃহস্পতিবার উপজেলা চত্বরে তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে ও বেসরকারি সংস্থা উত্তরণের অর্থায়নে এ হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় পঙ্গু মাঝিয়াড়া গ্রামের মির্জা বাচ্চু হোসেনকে উত্তরণের সহযোগিতায় হুইল চেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
রেডিও সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ
বরগুনা (উত্তর) প্রতিনিধি বরগুনায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কমিউনিটি রেডিও সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করেছে। বরগুনা সার্কিট হাউজ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবির পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) মো. ইলিয়াস ভুঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ প্রমুখ। প্রশিক্ষণে লোকবেতার ও কৃষি রেডিওর ৩৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেছেন।
বাগেরহাট পল্লী বিদ্যুত্ সমিতির সাধারণ সভা
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট পল্লী বিদ্যুত্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। সকালে বাগেরহাট সদর উপজেলার পোলঘাট সমিতি কার্যালয়ের চত্বরে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক শাখিলা খন্দকার। পল্লী বিদ্যুত্ সমিতির সমিতি বোর্ডের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, বাগেরহাট পল্লী বিদ্যুত্ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম প্রমুখ।
গুরুদাসপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চাটমোহরের সোয়াদ
নাটোর প্রতিনিধি নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় আনোয়ার হোসেনের আম বাগানে শেষ হলো আট টিমের গঠিত বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাত ১২টার দিকে টুর্নামেন্টের ফাইনালে উল্লাপাড়া দলকে দুই-এক সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাটমোহর ব্যাডমিন্টন একাডেমির সোয়াদ জুটি। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন চাটমোহরের বিজয়ী দলের সোয়াদ ও ম্যান অব দ্য সিরিজ হন উল্লাপাড়ার তরুণ খেলোয়াড় ইয়ামিন। সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা
আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার আটঘরিয়ায় প্রস্তুতিমূলক সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফুয়ারা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক প্রমুখ।
০
