উন্নত দেশ হিসেবে চিহ্নিত করে ভারতকে আর জিএসপির সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে দেশটি জিএসপি ফিরে পেতে যে চেষ্টা চালাচ্ছে তাতে বড়ো ধরনের ধাক্কা খেল। গত কয়েক মাসে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে জিএসপি সুবিধা প্রত্যাহারের বিষয়টি। অবশ্য ভারত সরকার গণমাধ্যমে বলেছে উন্নয়নশীল দেশের জন্য প্রদত্ত জিএসপি সহায়তা প্রয়োজন নেই। ভারত প্রতিযোগিতামূলক বাজারে নিজেই অবস্থান করে নিতে পারবে। অন্যদিকে ভারতের ব্যবসায়ী সম্প্রদায় বলছে, সাশ্রয়ী প্রতিপক্ষের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতায় বেশ চাপের মধ্যে রয়েছে তারা। জিএসপি সুবিধা হারালে বাজার অংশীদারিত্ব হারানোরও ভয় করছেন তারা।
