সন্দেহভাজন দুইজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০০:২৭

যুক্তরাজ্যের ব্যস্ততম দ্বিতীয় বিমানবন্দর গ্যাটউইকের আকাশে ড্রোন ওড়ানোর দায়ে আটক দুই সন্দেহভাজনকে গতকাল ছেড়ে দিয়েছে পুলিশ। ড্রোনকে অপরাধের কাজে ব্যবহার করা হচ্ছিল এই অভিযোগে শুক্রবার ৪৭ বছর বয়সী এক পুরুষ এবং ৫৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে ওয়েস্ট সাসেক্স থেকে গ্রেপ্তার করা হয়। সাসেক্সের পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বিমানবন্দরের কাছে ক্ষতিগ্রস্ত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যার রাসায়নিক পরীক্ষা হচ্ছে বলে পুলিশ জানায়। ড্রোনের কারণে দুই দিনের বেশি সময় ধরে বিমানবন্দর অচল হয়ে পড়েছিল। -বিবিসি