হুয়াওয়ের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চায় পেন্টাগন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

 রয়টার্স

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা চায় পেন্টাগন। এর আগে তারা হুয়াওয়ের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার বিরোধিতার করলেও এবার তারা বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সংস্থাটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তাদের সমর্থন থাকবে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট পাঁচ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য পলিটিকো।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা দিলে মার্কিন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পণ্য আমদানি আরো কঠিন হয়ে যাবে চীনা প্রতিষ্ঠানটির জন্য। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস সম্প্রতি দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন। আগামী সপ্তাহেই তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি উচ্চপর্যায়ের মার্কিন কর্মকর্তাদের বৈঠকেও চীন ও হুয়াওয়ের কাছে প্রযুক্তিপণ্য রফতানিতে বিধিনিষেধের বিষয়ে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, তারা প্রযুক্তি উদ্ভাবন ও প্রসার ত্বরান্বিত করার চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানির বিষয়টি ক্রমাগত পর্যালোচনা এবং নিয়ন্ত্রণ করছে। তবে নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে গত বছরের মে মাসে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা বৈদেশিক নীতির স্বার্থবিরোধী কার্যকলাপে যুক্ত রয়েছে এর যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে তাদের কাছে। যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে চীনা প্রতিষ্ঠানটি।