করোনা ভাইরাস সংকটে এবার চীনে কারখানা বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার। সরকারি নির্দেশনার কারণেই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর সিএনএনের
ভাইরাসের উত্সস্থল উহান থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরবর্তী চাংশু শহরে অবস্থিত জাগুয়ার ল্যান্ড রোভারের এই কারখানাটি। সেখানে চীনা প্রতিষ্ঠান চেরির সঙ্গে যৌথভাবে গাড়ি তৈরি করে তারা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ‘জাগুয়ার ল্যান্ড রোভারে কর্মীদের স্বাস্থ্যই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা চীনে করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।’ তিনি বলেন, ‘আমরা যুক্তরাজ্য থেকে চীন ভ্রমণ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলছি। আর চীনে স্থানীয় সরকারের আদেশ অনুসরণ করে আমাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছি।’ ২০১৪ সালে চালু হওয়া চাংশু কারখানায় মূলত চীনা বাজারের জন্য বিশেষভাবে তৈরি জাগুয়ার এক্সই ও জাগুয়ার এক্সএফ মডেলের গাড়ি তৈরি হয়। এছাড়াও জাগুয়ার এক্সইএল, জাগুয়ার এক্সএফএল, জাগুয়ার ই-প্যালেস, ল্যান্ড রোভার ডিসকভারি স্পোর্ট, রেঞ্জ রোভার ইভকও তৈরি হয় এ কারখানায়। শুরু থেকেই কারখানাটিতে অন্তত ২ হাজার কর্মী কাজ করছেন।
সম্প্রতি জাগুয়ার ল্যান্ড রোভার জানিয়েছে, ২০১৯ সালের প্রথম প্রান্তিকে বেশ ভালো আয় হয়েছে তাদের। তবে পুরো অর্থবছরের আয়ের ক্ষেত্রে করোনা ভাইরাস বড়ো ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন তারা। এর আগে, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে চীনে উত্পাদন বন্ধ ঘোষণা করেছে হুন্দাই, টেসলা, ফোর্ড, নিসান, হোন্ডাসহ আরো কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এছাড়া চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায় কারখানা বন্ধ হয়েছে হুন্দাইয়ের এবং জাপানে নিসানের।
