জুভেন্তাসের ত্রাতা রোনালদো

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪২

স্পোর্টস ডেস্ক

শেষ কিছুদিনে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন অদম্য ফর্মেই আছেন। লিগে টানা দশ ম্যাচে গোল করে রেকর্ড গড়ার পরের ম্যাচে এবার হারতে থাকা দলকে অন্তিম সময়ের গোলে এনে দিয়েছেন মূল্যবান এক ড্র। এসি মিলানের বিপক্ষে ইতালিয়ান কাপ সেমিফাইনালের প্রথম পর্বে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে তারা।

গত বৃহস্পতিবার রাতে মিলানের মাঠ সান সিরোয় ৬১ মিনিটে পিছিয়ে পড়ে জুভেন্তাস। মিডফিল্ডার সামু কাস্তিলেহোর ক্রসে দুর্দান্ত এক ভলিতে চলতি বছরের পঞ্চম গোলটি করেন আন্তে রেবিচ। ফলে প্রতিপক্ষের মাঠে টানা তৃতীয় হারের শঙ্কায় পড়ে জুভেন্তাস। দশ মিনিট পর ডিফেন্ডার থিও হারনান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

তবে এরপরও সমতাসূচক গোলটি পেতে ম্যাচের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় সফরকারী জুভেন্তাসকে। দীর্ঘ ভিএআর পরীক্ষার পর পাওয়া পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো। মিলানের মাঠে ১-১ গোলের ড্রয়ের ফলে মূল্যবান অ্যাওয়ে গোল নিয়েই পরের লেগে মাঠে নামবে জুভেন্তাস। আগামী ৪ মার্চ তুরিনে হবে দ্বিতীয় লেগের খেলা।

প্রতিপক্ষের মাঠে এর আগে জুভেন্তাস টানা দুটো ম্যাচ হেরেছিল। বৃহস্পতিবার রাতের ম্যাচেও পড়ে গিয়েছিল শঙ্কায়। তবে এরপরও কোচ মাউরিজিও সারির অভিমত, উদ্বেগজনক কিছুই হয়নি এখনো।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় জুভেন্তাস কোচ বলেন, ‘যেহেতু জীবনের প্রধানতম দুশ্চিন্তাই হচ্ছে স্বাস্থ্য, সেহেতু আমি এ নিয়ে চিন্তিত নই মোটেও। যে কোনো দলের জন্যেই এটা একটা সাধারণ সময়। কোনো একটা দল টানা ভালো খেলেই যাচ্ছে, এটা অকল্পনীয়। এটা একটা খেলা এবং এটা খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থার ওপর অনেক বেশি নির্ভর করে।’

তবে শেষ তিন সপ্তাহে দলের উন্নয়নের ধারা কিছুটা হলেও থমকে গেছে, সারির সরল স্বীকারোক্তি। তিনি বলেন, ‘শেষ কিছু দিনে আমাদের উন্নতির ধারাটা কিছুটা হলেও থেমে গেছে। আমরা কিছু গোল হজম করেছি যা চাইলেই এড়ানো যেত। তবে এরপরও আমরা ইতালিয়ান লিগের সেরা রক্ষণ থেকে মাত্র তিনটি গোলই বেশি হজম করেছি। তাই একে খুব বড়ো করে দেখছি না আমি।’