এপ্রিলেই নতুন যুব দল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে আকবর আলীদের অধ্যায় শেষ হয়েছে। তাদের উত্তরসূরি তথা বাংলাদেশের নতুন যুব দল গঠনের প্রক্রিয়া এখন অব্যাহত রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে ২০২২ সালে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের জন্য দল তৈরির কাজ করছে বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলেই নতুন যুব দল গঠন হবে। গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার গতকাল এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের নতুন যুব দল গঠন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘পরের দলের জন্য আমাদের প্রক্রিয়া চলছে এরই মধ্যে। বিভাগীয়, জাতীয় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এখন আমাদের ইয়ুথ ক্রিকেট লিগ রাজশাহী-বগুড়ায় চলছে। পরে ওয়ানডে ম্যাচও হবে। ওখানে আমাদের নির্বাচকরা কাজ করছেন। ওখান থেকে আমরা বেশ কিছু প্লেয়ার পাবো। অনূর্ধ্ব-১৭ দলে পারফর্ম করেছে এমন কিছু প্লেয়ার আমাদের নজরে আছে। সবমিলিয়ে একটা সমন্বয় করে আমরা আশা করছি আগামী এপ্রিলে আমরা আমাদের আরেকটা স্কোয়াড দাঁড় করাতে পারবো।’

এবার বিশ্বকাপ জয়ী দলের কয়েকজন সদস্যও আগামী আসরে খেলার মতো অবস্থায় আছেন। তাদের মধ্যে ব্যাটসম্যান প্রান্তিক নওরোজ নাবিল আছেন। এছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরীর বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা যাওয়া অলরাউন্ডার মেহরাব হোসেন অহিনও নতুন যুব দলে থাকছেন। তার বয়স এখনো ১৭ ছুঁই ছুঁই।